মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক

প্রশান্ত বা আটলান্টিক মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ করতে চান ট্রাম্প

প্রশান্ত বা আটলান্টিক মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ করতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আটলান্টিক কিংবা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প মহাসাগর’ বা ‘আমেরিকা মহাসাগর’ রাখা উচিত। মেক্সিকো উপসাগর ও অন্টারিও হ্রদের নাম পরিবর্তনের উদ্যোগের পর এবার মহাসাগরের নাম বদলানোর সম্ভাবনার কথা তুললেন মার্কিন প্রেসিডেন্ট।

শনিবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ক্লার্কসভিলে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ প্রস্তাব দেন ট্রাম্প। তার বক্তব্য শুনে উপস্থিত দর্শকদের অনেকে হাসি ও করতালির মাধ্যমে প্রতিক্রিয়া জানান।

ট্রাম্প বলেন, আমাদের একটি উপসাগর আছে, সুন্দর একটি হ্রদ আছে। এখন কেউ একজন বলেছেন, আমাদের একটি নদীও দরকার।

এরপর তিনি বলেন, আমাদের একটি নদী ও একটি মহাসাগরও দরকার। আমরা এর নাম ‘ট্রাম্প মহাসাগর’ অথবা ‘আমেরিকা মহাসাগর’ এ রকম কিছু রাখতে পারি।

সমাবেশে ট্রাম্প আরও বলেন, আমি দায়িত্ব ছাড়ার আগে মনে করি, আমাদের একটি মহাসাগর থাকা উচিত। আর আমাদের একটি বড় নদীও দরকার।

তবে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নির্বাহী আদেশ জারি করেননি তিনি। বক্তব্যে বিষয়টি সম্ভাব্য প্রস্তাব হিসেবেই তুলে ধরেছেন।

অন্টারিও হ্রদের নাম বদলে ‘আমেরিকা হ্রদ’

এর আগে গত আগস্টে কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার ঘোষণা দেন ট্রাম্প।

তিনি বলেছিলেন, “অবিলম্বে অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে আমেরিকা হ্রদ রাখা হবে।” এ কথা বলার পর তিনি একটি নির্বাহী আদেশে সই করেন।

তবে এই আদেশ কানাডাকে নতুন নামটি মেনে নিতে বাধ্য করে না। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য ও কানাডার অন্টারিও প্রদেশের মধ্যবর্তী সীমান্তজুড়ে বিস্তৃত পাঁচটি বৃহৎ হ্রদের অন্যতম এই অন্টারিও হ্রদ।

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপস ও অ্যাপল ম্যাপে ইতিমধ্যে ‘লেক আমেরিকা’ নামটি প্রদর্শিত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের বাইরে নামটির ব্যবহার ও স্বীকৃতি একই রকম নয়।

মেক্সিকো উপসাগরের নামও বদলেছেন ট্রাম্প

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফেরার পর মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার জন্য নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। তবে মেক্সিকো এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে।

শনিবারের (১০ অক্টোবর) সমাবেশে ট্রাম্প বলেন, আমেরিকা হ্রদের নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আমি আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম। আমরা ‘মেক্সিকো উপসাগর’ নামে পরিচিত একটি জায়গার নাম বদলে দিয়েছি। এখন সেটিকে নিয়মিতভাবেই ‘আমেরিকা উপসাগর’ বলা হচ্ছে।

তিনি আরও বলেন, এখন আমাদের একটি উপসাগর ও একটি হ্রদ আছে। আমাদের শুধু একটি মহাসাগর দরকার। তাই হয়তো আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তন করতে হবে। এমনকি, দুটির নামই বদলে দিতে পারি।

সর্বশেষ খবর